প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
চেলসি থেকে বিদায় নিলেন এনজো মারেস্কা !

গেলো কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন ক্লাবের মালিক পক্ষের সঙ্গে তিক্ততার জেরে চেলসি ছাড়ছেন এনজো মারেস্কা। অবশেষে গুঞ্জন সত্য হলো, ক্লাবের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। নতুন বছরের প্রথম দিনই এমন কঠিন সিদ্ধান্ত নিলেন চেলসিকে ক্লাব ওয়ার্ল্ডকাপ জেতানো কোচ। দলের এমন বাজে পারফরম্যান্সের পর দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যেই এনজোকে বিদায় বলে দিয়েছে চেলসি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরর প্রথম দিনে এক বিবৃতিতে এ দুঃসংবাদ দিয়েছে ক্লাবটি। দলের ভরাডুবির পাশাপাশি কয়েক দিন ধরে ক্লাব কর্তাদের সঙ্গে টানাপোড়েন চলছিল এনজো মারেস্কার।
বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, চেলসি ফুটবল ক্লাব এবং প্রধান কোচ এনজো মারেস্কা একে অপরের সঙ্গে পথচলা শেষ করেছে। চারটি প্রতিযোগিতায় এখনও গুরুত্বপূর্ণ লক্ষ্য বাকি আছে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনও রয়েছে। এনজো এবং ক্লাব মনে করে, এই পরিবর্তনই দলকে আবার সঠিক পথে ফেরানোর সেরা সুযোগ।
এর আগে ২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসির দায়িত্ব নেওয়া মারেস্কার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি ছিল ব্লুজদের। তার অধীনে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পর যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল চেলসি। তার অধীনে ইংলিশ ক্লাবটির সবচেয়ে বড় সাফল্য আসে গত বছর নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে। চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শিরোপা জেতে চেলসি।
আগামী রবিবার (৪ জানুয়ারি) ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে চেলসি। ওই ম্যাচে কে দলের দায়িত্ব কে থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV